নির্মাণের ৩ বছরেও দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের নতুন ভবনে শুরু হয়নি কার্যক্রম – দৈনিক গণঅধিকার

নির্মাণের ৩ বছরেও দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের নতুন ভবনে শুরু হয়নি কার্যক্রম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৪ | ১১:৫৪
৩ বছর হতে চললো দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ভবন নির্মাণ শেষ হয়েছে। তবে সেই ভবনে এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ কাস্টমসের পুরোনো ছোট ভবনেই তাদের কাজ কোনো রকমে জোড়াতালি দিয়ে চালিয়ে নিচ্ছে। এতে করে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের। সেই সঙ্গে কোটি টাকা ব্যয়ে নির্মাণ ভবনটি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। গণপূর্ত বিভাগ বলছে, ছোটখাটো কোনো সমস্যা থাকলে বিষয়টি আমাদের জানালে সমাধান করার ব্যবস্থা করা হবে। আর জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ভবন ব্যবহারের উপযোগী না হওয়ায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। ১৯৮৭ সালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগরে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়। ভারতের অংশে রয়েছে কলকাতার গেদে। সে সময় বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রীরা চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ নানা কাজে এ চেকপোস্ট দিয়ে আসা-যাওয়া শুরু করেন। দেশের বিভিন্ন জেলার মানুষ খুব সহজে দর্শনা জয়নগর দিয়ে ভারতের গেদে হয়ে কলকাতায় প্রবেশ করতে পারেন। ফলে এ পথ দিয়ে দুই দেশে যাতায়াত গুরুত্ব পায়। এরপর থেকেই কাস্টমসের ভবনের ভেতরে অল্প জায়গায় চলে ইমিগ্রেশনের কাজ। ছোট্ট একটি ঘরে বসেন ইমিগ্রেশন ইনচার্জ। আর কাস্টমস কর্তৃপক্ষ যাত্রীদের মালামাল যেখানে দেখেন, সেখানেই ইমিগ্রেশন সম্পন্ন হয়। এরপর ইমিগ্রেশনের জন্য ভবন নির্মাণ জরুরি হয়ে পড়লে ২০১৭ সালের ৩০ এপ্রিল তিনতলা বিশিষ্ট দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ভবনের কাজ শুরু হয়। যা শেষ হয় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর। প্রায় তিন কোটি ছয় লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এ ভবন। যশোরের মেসার্স মহিদুল ইসলাম ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ করে। ভবন নির্মাণ তিন বছর আগে শেষ হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি নানা জটিলতার কারণে। ফলে বাংলাদেশ-ভারত থেকে যাতায়াত করা দুই দেশের যাত্রীরা নতুন ভবনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘ সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য। অথচ নতুন ইমিগ্রেশন ভবনে সব সুযোগ-সুবিধা রয়েছে। চুয়াডাঙ্গা আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের বাসিন্দা সোহেল হুদা বলেন, ‘নিয়মিত ভারতে যাতায়াত করি আমরা। রোদ-বৃষ্টি ও শীতের সময় বাইরে অপেক্ষা করতে হয়। এতে কষ্ট হয়। যেখানে ইমিগ্রেশন হয়, সেখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই।’ চুয়াডাঙ্গা আলুকদিয়া ইউনিয়নের বাসিন্দা রাজীব হাসান কচি বলেন, ভারতে যাওয়া-আসার সময় ইমিগ্রেশন সম্পন্ন করতে হয় দুদেশেই। নতুন ভবন নির্মাণ করা হলেও চালু হয়নি। বসার মতো ব্যবস্থা নেই। টয়লেট সুবিধা নেই। যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। কর্তৃপক্ষ দ্রুত সমাধান করলে সবার সুবিধা হবে। এ বিষয়ে চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন বলেন, তিনতলা ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দোতলায় পুলিশ সদস্যরা থাকেন। তাহলে কোনো সমস্যা থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে, লিখিতভাবে আমাদের জানালে সমাধানের চেষ্টা করা হবে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দীন আল আজাদ জানান, ভবন নির্মাণ হলেও সম্পূর্ণ ব্যবহারের উপযোগী হয়নি। অনেক সমস্যা রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। ভবনের সমস্যা সমাধান হয়ে ইমিগ্রেশন কার্যক্রম শুরু হলে দুর্ভোগ হ্রাস পাবে। চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশ-ভারতের প্রায় ৯০০-১০০০ যাত্রী আসা-যাওয়া করেন।

দৈনিক গণঅধিকার সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুষ্টিয়াতে বিএনপি ও যুবদলের উপর ধানের শীষের প্রার্থীর পরাজয়ের দায়-প্রতিবাদে পৃথক সংবাদ সম্মেলন। পঞ্চগড়ে বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মা-মেয়ের আহত ২ ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা দায়ের ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। ১০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে আতাউর রহমান আতার বিরুদ্ধে দুদকের মামলা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায়। শিক্ষামন্ত্রীকে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা—৩ জন গ্রেফতার। পঞ্চগড়ে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে,স্ত্রী আটক আজ অমর একুশে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বক্তারা,রুমিন ফারহানা শুধু সংসদ সদস্যই নয়,ওনি ভাষা শহীদ অলি আহাদের মেয়ে কুমারখালী হাসপাতালে ৮ মেডিকেল অফিসারের যোগদান। আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদানের পরও গ্রেপ্তার দৌলতপুরে রহস্যজনক মৃত্যু, তালাবদ্ধ ঘর থেকে গলিত লাশ উদ্ধার ভিপি নুর প্রতিমন্ত্রী হওয়ার খবরে কুষ্টিয়ায় আনন্দ মিছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি অর্ধকোটি টাকাসহ আটক জামায়াতের আমির হাসপাতালে ভর্তি মেহেরপুরের দুটি আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার নির্বাচনের ছুটিতে মুন্সীগঞ্জে ঘরমুখী মানুষদের পথে পথে ভোগান্তি। ২৪-এর গণঅভ্যুত্থানের যোদ্ধা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের কাজ : আসাদুজ্জামান আলী।